নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. নাসিমুল গনি
নতুন মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি। তাকে এ পদে নিয়োগ দিয়ে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করা হয়।
এ পদে নতুন দায়িত্ব পান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তাকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব দেওয়া হয়। আজ এ পদে নিয়োগ পেলেন ড. নাসিমুল গনি।
নাসিমুল গনি ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। তিনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। বাংলাদেশের সিভিল সার্ভিসে ১৯৮২ ব্যাচ অন্যতম মেধাবী ব্যাচ হিসেবে পরিচিত। ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের ১৪২ জনের মেধা তালিকায় নাসিমুল গনির অবস্থান ছিল ৬ষ্ঠ।
নাসিমুল গনি ১৯৮৩ সালে জেলা প্রশাসকের কার্যালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলাতে সহকারী কমিশনার হিসেবে তাঁর চাকরিজীবন শুরু করেন। চার বছর রাঙ্গামাটিতে চাকরি করার পর তাঁকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির সহকারী পরিচালক পদে নিয়োগ করা হয়। পরে তাঁকে একাডেমির উপপরিচালক এবং আরও পরে যুগ্মপরিচালক পদে নিয়োগ করা হয়। ১৯৯০ সালে তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের উপজেলা নির্বাহী অফিসার পদে নিয়োগপ্রাপ্ত হন এবং ১৯৯১ সালে তিনি ভূমিমন্ত্রীর একান্ত সচিব পদে হিসেবে বদলি হন। পরে তাঁকে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব পদে নিয়োগ করা হয়। ১৯৯৫ সালে তাঁকে বাংলাদেশ দূতাবাস, বাগদাদ, ইরাকে প্রথম সচিব (শ্রম) পদে নিয়োগ করা হয় এবং এক বছর পর তাঁকে বাগদাদ থেকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পর তাঁকে ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ করা হয় এবং পরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়। ১৯৯৯ সালে তাঁকে উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক পদে নিয়োগ করা হয়। ২০০১ সালে তিনি উপসচিব পদে পদোন্নতি লাভ করেন এবং জামালপুর জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি স্পিকারের একান্ত সচিব পদে নিযুক্ত হন। ২০০৪ সালে তিনি যুগ্মসচিব পদে পদোন্নতি লাভ করেন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে কাজ করেন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেন। তাঁকে মহামান্য রাষ্ট্রপতির একান্ত সচিব পদে নিয়োগ করা হয়। ২০০৭ সালে তাঁকে নিপোর্টের মহাপরিচালক পদে পদায়ন করা হয়। ২০০৯ সালে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাঁকে চাকরি থেকে অবসর প্রদান করা হয়। ২০২৪ সালের আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার তাঁকে সিনিয়র সচিব পদমর্যাদায় জন বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেন। তিনি ১৮ আগস্ট ২০২৪ তারিখে সিনিয়র সচিব হিসেবে রাষ্ট্রপতির কার্যালয়ে যোগদান করেন।
নাসিমুল গনি মির্জাপুর ক্যাডেট কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ছিলেন। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ১৯৭৩ সালে এসএসসি এবং ১৯৭৫ সালে এইচএসসি পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৮০ সালে অনার্স ও ১৯৮১ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

নিজস্ব প্রতিবেদক