পবিত্র রমজান উপলক্ষে বাজার নজরদারিতে প্রশাসন
আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং শহরের যানজট নিরসনে বিশেষ অভিযান পরিচালনা করেছে নেত্রকোনা জেলা ও পুলিশ প্রশাসন। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোনা পৌর শহরের প্রধান বাজার এলাকায় এই সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হয়।
পৌরসভার সামনে থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন নেত্রকোনার জেলা প্রশাসক সাইফুর রহমান ও পুলিশ সুপার তরিকুল ইসলাম। এ সময় নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তারা প্রতিটি দোকানে ক্রেতাদের জন্য দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা, নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করা এবং যেকোনো ধরনের ভেজাল ও অবৈধ মজুদদারির বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা প্রদান করেন।

ভজন দাস, নেত্রকোনা