বাংলাদেশে কবে ঈদ, জানা যাবে আজ
আজ বৃহস্পতিবার (২৯ রমাজান)। এদিন সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের নতুন চাঁদ অন্বেষণ করবেন মুসলমানরা। যদি দেশের কোনো স্থান থেকে চাঁদ দেখা না যায়, তাহলে এ বছর রমজান মাস পূর্ণ হবে। এতে আগামীকাল শুক্রবার রোজা রাখতে হবে এবং পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার (২১ মার্চ)। এদিন থেকে শাওয়াল মাসের গণনা শুরু হবে। তবে, আজ যদি চাঁদ দেখা যায়, তাহলে আগামীকাল শুক্রবার ঈদ অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হবে, তা নিশ্চিতভাবে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) জানা যাবে। এদিন সন্ধ্যা ৬টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং ঈদের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বিষয়টি ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে আজ চাঁদ দেখা না গেলে আগামীকাল রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদ উদযাপন হবে শনিবার।
দেশের কোথাও চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত টেলিফোন নম্বরে (০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭) অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে, পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ বিভিন্ন দেশ।
সৌদি আরব জানায়, গতকাল বুধবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে রমজান মাস হবে ৩০ দিনের। ঈদুল ফিতর উদযাপন করা হবে শুক্রবার (২০ মার্চ)।
তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে ২০ মার্চ। অস্ট্রেলিয়ায়ও ২০ মার্চ ঈদ উদযাপন করবেন মুসলমানরা। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল এ তথ্য জানিয়েছে।
কাতার জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। যার ফলে দেশটিতে ঈদুল ফিতর উদযাপন হবে আগামী ২০ মার্চ।
সংযুক্ত আরব আমিরাত ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে গতকাল বুধবার (১৮ মার্চ) শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করা হবে।

নিজস্ব প্রতিবেদক