বরগুনায় ধরা পড়েছে সাড়ে ২২ কেজির কোরাল, বিক্রি হলো কত টাকায়
বরগুনার তালতলীতে বঙ্গোপসাগরের মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিশাল কোরাল মাছ। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট সংলগ্ন এলাকায় মাছটি ধরা পড়ে। পরে ১৯ হাজার ১২৫ টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে ফকিরহাট সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় জাল ফেলেন স্থানীয় জেলে মান্নান খান। শনিবার সকালে জাল তুলতে গিয়ে তিনি দেখেন বিশাল এই কোরাল মাছটি আটকা পড়েছে। পরে মাছটি বিক্রির জন্য তালতলী বাজারের মৎস্য ব্যবসায়ী শহিদুল হক তালুকদারের আড়তে নিয়ে আসা হয়। সেখানে উন্মুক্ত ডাকের মাধ্যমে কেজি প্রতি ৮৫০ টাকা দরে মোট ১৯ হাজার ১২৫ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী মো. বশির মৃধা।
তবে মৎস্য ব্যবসায়ীদের মতে, মাছটির রং কিছুটা সাদাটে হয়ে যাওয়ায় আশানুরূপ দাম পাওয়া যায়নি। মাছটি পুরোপুরি সতেজ থাকলে এর বাজারমূল্য ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারত।
তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, সরকারি নিষেধাজ্ঞার সময়গুলোতে মাছ শিকার বন্ধ রাখা এবং অবৈধ জালের ব্যবহার রোধ করায় নদ-নদীতে মাছের আকার ও সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তারই সুফল হিসেবে জেলেরা এখন বড় বড় কোরাল মাছ শিকার করতে পারছেন।

মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)