গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের চার ঘণ্টা পর নুরমা খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নুরমা খাতুন ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় তালতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার দুপুর ১২টা থেকে নুরমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন ও এলাকাবাসী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকেল ৪টার দিকে বাড়ির পাশে থাকা সেপটিক ট্যাংকের ভেতর তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় ট্যাংকের পাশ থেকে একটি রক্তাক্ত ধারালো বটি উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে আমরা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত বটি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা
খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)