ইকরাম হত্যায় দুজনের মৃত্যুদণ্ড
রাজধানীর খিলক্ষেতে ইকরাম হোসেন মোল্লাকে হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এই রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মো. সিদ্দিক (২৩) ও শান্ত মিয়া (২২)।
রায়ে আসামিদের মৃত্যুদণ্ডের পাশাপাশি মরদেহ গুমের অপরাধে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে আরও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন বিচারক।
রায় ঘোষণার সময় আসামি সিদ্দিক আদালতে হাজির ছিলেন। অপর আসামি শান্ত মিয়া পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
নথি থেকে জানা গেছে, ২০২৩ সালের ৪ মে রাতে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ইকরামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধু শান্ত মিয়া ও সিদ্দিক। এরপর রাজধানীর খিলক্ষেত থানার পাতিরা ও ডুমনি এলাকার মাঝামাঝি বসুন্ধরা বালুর চরে নিয়ে তাকে হাতুড়ি ও ভোমর দিয়ে আঘাত করে এবং এন্টিকাটার দিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে মরদেহ গুম করার উদ্দেশে পাশের একটি ডোবায় ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা হয়। ৬ মে পুলিশ ওই স্থান থেকে ইকরামের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বাবা কবির হোসেন মোল্লা বাদী হয়ে খিলক্ষেত থানায় মামলা করেন।

আদালত প্রতিবেদক