আখতারুজ্জামান মিয়া হুইপ হওয়ায় খানসামায় আনন্দ মিছিল
দিনাজপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া জাতীয় সংসদের হুইপ নিযুক্ত হওয়ায় দিনাজপুরের খানসামা উপজেলায় আনন্দঘন পরিবেশে মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাকেরহাট দলীয় কার্যালয় থেকে প্রথম আনন্দ মিছিলটি বের হয়।
আনন্দ মিছিলটি পাকেরহাটের প্রধান সড়ক ঘোরে শাপলা চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী, জেলা বিএনপির অর্থনৈতিকবিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির সদস্য সফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটনসহ বিভিন্ন ইউনিটের নেতারা।
একই সময়ে খানসামা বাজারের ইউনিয়ন কার্যালয় থেকেও পৃথক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বালিকা বিদ্যালয় মোড়ে এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।
নেতাকর্মীরা মিষ্টি বিতরণ ও স্লোগানে মুখরিত হয়ে আনন্দ প্রকাশ করেন। সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, হুইপ হিসেবে দায়িত্ব গ্রহণের ফলে দিনাজপুর-৪ আসনের উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে। এলাকার মানুষের প্রত্যাশা পূরণে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)