‘চাঁদা না দেওয়ায়’ স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যার হুমকি
ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠী বাজারে চাঁদা না দেওয়ায় মো. আল-আমীন (২৮) নামের এক কাঁচামাল ব্যবসায়ীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাওদুদ সিকদার ওরফে মনু সিকদারের নেতৃত্বাধীন একটি চক্রের বিরুদ্ধে।
এ ঘটনায় আজ শনিবার (৭ মার্চ) ভুক্তভোগী ব্যবসায়ী রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী আল-আমীন উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও নৈকাঠী এলাকার মোকসেদ আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্র ও অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, মনু সিকদারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র সাতুরিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জমি দখল ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। অভিযোগ রয়েছে, এই চক্রটি এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ১০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
অভিযোগপত্রে ভুক্তভোগী আল-আমীন আরও জানান, কিছুদিন আগে ১০ হাজার টাকা চাঁদা দিলেও গত ৪ মার্চ পুনরায় ১০ হাজার টাকা দাবি করে মনু সিকদারের লোকজন। এতে অস্বীকৃতি জানালে ওইদিন সকালে বাজারে তাকে মারধর করা হয়। সন্ধ্যায় দেশীয় অস্ত্রসহ আল-আমীন ও তার বড় ভাইয়ের বাড়িতে হামলা চালানো হয়। বর্তমানে নিরাপত্তার অভাবে তিনি তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছেন।
মনু সিকদার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং এটিকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন। তিনি বলেন, আমি কোনো ধরনের চাঁদাবাজির সঙ্গে জড়িত নই। কারও কাছ থেকে চাঁদা নিই না।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাঈম হাসান, ঝালকাঠি (কাঁঠালিয়া-রাজাপুর)