বিয়েতে রাজি না হওয়ায় অশ্লীল ভিডিও ধারণ, প্রেমিক গ্রেপ্তার
বরিশালে দীর্ঘ চার বছর প্রেমের সম্পর্কের পর বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে হৃদয় মন্ডল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) দিনগত রাতে বরগুনা জেলার পল্লী বিদ্যুৎ অফিস থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হৃদয় মন্ডল বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার মলুহার গ্রামের বাসিন্দা। তিনি পল্লী বিদ্যুতের কর্মচারী বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন আরশাদ।
মামলা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া হৃদয় ও ওই কলেজ শিক্ষার্থী একই গ্রামের বাসিন্দা এবং তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি হৃদয় তাকে বিয়ের প্রস্তাব দিলে প্রেমিকা তাতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় তার প্রেমিকাকে মারধর করেন এবং জোরপূর্বক পোশাক খুলে ভিডিও ধারণ করেন। এরপর সেই ভিডিওর ভয় দেখিয়ে বিয়ের চাপ দিয়ে সেখান থেকে চলে যান। এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী শিক্ষার্থী কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত হৃদয় মন্ডল বলেন, ওই তরুণীর সঙ্গে তার চার বছরের প্রেম। গত বছর বরিশালের সরকারি অমৃত লাল দে কলেজে ভর্তি হওয়ার পর প্রেমিকা অন্য ছেলেদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বলে তার ধারণা। তাই তাকে ছেড়ে যেন অন্য কাউকে বিয়ে করতে না পারেন, সেজন্যই তিনি ভিডিও ধারণ করে নিজের মোবাইলে সংরক্ষণ করেছিলেন।
ওসি আল মামুন আরশাদ জানান, নগরীর এক কলেজ শিক্ষার্থী হৃদয়ের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে তাকে বরগুনা থেকে গ্রেপ্তার করা হয়।

আকতার ফারুক শাহিন, বরিশাল