ফিলিং স্টেশনের কোটি টাকা ডাকাতি, ভুয়া র্যাব চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় ফিলিং স্টেশনের জ্বালানি বিক্রির ১ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও উত্তরা ক্রাইম বিভাগের যৌথ দল একাধিক অভিযানে তাদের গ্রেপ্তার করে।
আজ শনিবার (১৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারব্যক্তিরা হলেন– ইলিয়াস শিকদার (৩৬), জাফর (৩৬), রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৪), মিন্টু রাড়ী (২৩) ও সাগর বাড়ৈ (৪০)।
অভিযানকালে তাদের কাছ থেকে ৪টি ৭.৬৫ মিমি. পিস্তল, ৬টি ম্যাগাজিন, ২১ রাউন্ড গুলি, লুণ্ঠিত নগদ ১২ লাখ টাকা, র্যাবের ভুয়া পরিচয়পত্র, ভেস্ট, ক্যাপ, ওয়াকিটকি, হাতকড়া, বিভিন্ন নম্বর প্লেট, একটি মোটরসাইকেলসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৯ আগস্ট সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উত্তরা পূর্ব থানাধীন ডিএল ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল করিমসহ চারজন ১ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশে যাচ্ছিলেন। বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ সড়কের ক্রাউন প্লাজার কাছে বিআরটি লেনে পৌঁছালে মোটরসাইকেলে আসা ডাকাতদল তাদের গতিরোধ করে। এ সময় অস্ত্র ও চাপাতি দিয়ে ভয় দেখিয়ে ও আঘাত করে বিপুল পরিমাণ টাকা লুট করে পালিয়ে যায় তারা।
ঘটনার তদন্তে নেমে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, বন্দর, রাজধানীর মাতুয়াইল, যাত্রাবাড়ীর কাজলারপাড় ও পোস্তগোলা এলাকায় ধারাবাহিক যৌথ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতরা ডাকাতির সঙ্গে প্রত্যক্ষ সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এনটিভি অনলাইন ডেস্ক