পেট্রোল পাম্পে কথা-কাটাকাটি, কর্মীদের পিটুনিতে যুবক নিহত
ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল নিতে এসে কথা-কাটাকাটির জেরে পাম্পের কর্মীদের পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম নিরব আহমেদ। তিনি কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুরগাছি গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলেন, শনিবার রাতে তেল নিতে আসেন যুবক নিরব হোসেন। এ সময় পাম্পের কর্মচারীরা তেল দিতে অপারগতা প্রকাশ করে। যুবক নিরব হোসেন কিছুক্ষণ পরে আবারও তাজ ফিলিং স্টেশনে আসেন। এসময় অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া দেখে প্রতিবাদ করেন ওই যুবক। এসময় পাম্পের কর্মচারীরা লাঠি দিয়ে নিরবকে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে পাম্প কর্মীদের হামলায় যুবক নিহতের খবর ছড়িয়ে পড়লে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাজ ফিলিং স্টেশনের মালিকানাধীন আরেকটি পাম্পে উত্তেজিত জনতা ভাঙচুর চালায়।
নিহত নিরব আহমেদের খালাতো ভাই সোহেল হোসেন বলেন, আমার ভাই সাধাসিধে মানুষ। মোটরসাইকেলের তেল নিতে গিয়ে পাম্পের কর্মীদের সঙ্গে তার সামান্য কথা কাটাকাটি হয়। কিন্তু পাম্পের কর্মীরা সন্ত্রাসী কায়দায় লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আমার ভাইকে খুন করেছে। আমি হত্যাকাণ্ডের বিচার চাই।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, নিরব নামে এক যুবক পাম্পে তেল নিতে আসে। এসময় পাম্পের কর্মীরা বাগ্বিতণ্ডা জেরে ওই যুবককে পিটিয়ে আহত করে। পরে ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় পাম্পের তিন কর্মীকে আটক করা হয়েছে। পাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)