কুয়েতে ক্ষেপণাস্ত্রের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের উত্তাপ কুয়েতের সাধারণ নাগরিকদের জীবনও কেড়ে নিচ্ছে। আজ বুধবার (৪ মার্চ) কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী গভর্নরেটের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়ার ঘটনায় গুরুতর আহত এক শিশুর মৃত্যু হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র ড. আবদুল্লাহ আল-সানাদ বিবৃতিতে জানান, ১১ বছর বয়সী ওই শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ নিয়ে ইরান ও মার্কিন-ইসরায়েল বাহিনীর মধ্যকার বর্তমান সংঘাত শুরু হওয়ার পর থেকে কুয়েতে এ পর্যন্ত অন্তত ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, ওই একই ঘটনায় নিহত শিশুর পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন। বর্তমানে তারা আল-আমিরি হাসপাতালে চিকিৎসাধীন ও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
কুয়েতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানের দিক থেকে আসা একাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় সেগুলোর ধ্বংসাবশেষ আবাসিক এলাকার ওপর আছড়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ৯৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৮৩টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে কুয়েত।
কুয়েতে ক্রমবর্ধমান এই অস্থিরতার কারণে ইতোমধ্যে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের কার্যক্রম স্থগিত করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক