উজিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলনেতা গ্রেপ্তার
বরিশালের উজিরপুরে চাঁদাবাজি ও এক শ্রমিককে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) দুপুরে তাকে গ্রেপ্তার করে উজিরপুর থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা এলাকার বাসিন্দা মনির সরদার ও তার সহযোগীরা এক ড্রেজার ব্যবসায়ীর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। বালু ভরাটের কাজ চালু রাখতে গত জানুয়ারি মাসে বিভিন্ন দফায় তাদের ১ লাখ টাকা দেওয়া হয়। অবশিষ্ট টাকার জন্য গত ১৩ মার্চ কাজ চলাকালে শ্রমিক আবু বকর হাওলাদারকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ড্রেজার ব্যবসায়ী মো. মনিরুল ইসলাম বাদী হয়ে মনির সরদারসহ অজ্ঞাতনামা ৭–৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কমল পূলক, বরিশাল (উজিরপুর)