শেরপুর-৩ আসনে প্রতীক বরাদ্দ, ৯ এপ্রিল ভোট গ্রহণ
জাতীয় সংসদের শেরপুর-৩ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ রোববার (১৫ মার্চ) দুপুরে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, মোট তিনজন বৈধ প্রার্থী চূড়ান্তভাবে লড়াইয়ে থাকছেন। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ ও বাসদ মনোনীত প্রার্থী মিজানুর রহমান।
প্রতীক বরাদ্দের সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গতকাল শনিবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন প্রথমে এই আসনের নির্বাচন স্থগিত এবং পরে তা বাতিল ঘোষণা করে। পরবর্তীতে নতুন তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল এই আসনে ভোট গ্রহণের দিন ধার্য করা হয়।

কাকন রেজা, শেরপুর