পরিত্যক্ত ভবনের সেপটিক ট্যাংকে মিলল যুবকের মরদেহ
বরিশালের হিজলা উপজেলায় একটি পরিত্যক্ত ভবনের টয়লেটের সেপটিক ট্যাংক থেকে মনির রাড়ী (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ধুলখোলা বাজার সংলগ্ন পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পরিত্যক্ত ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মনির রাড়ী ধুলখোলা ইউনিয়নের ধুলখোলা গ্রামের সুলতান রাড়ীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর মরদেহটি ঢুকিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তবে ট্যাংকে জায়গা কম থাকায় ঢাকনাটি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। সোমবার সকালে পার্শ্ববর্তী বাড়ির কয়েকজন শিশু ওই ভবনের কাছে শুকনো পাতা কুড়াতে গেলে ঢাকনার ফাঁক দিয়ে মরদেহটি দেখতে পায়। শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে মনিরকে শনাক্ত করে এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার (১৫ মার্চ) বিকেলেও মনিরকে ধুলখোলা বাজারে স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করে মরদেহটি ওই পরিত্যক্ত স্থানে লুকিয়ে রাখা হয়েছিল।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আকতার ফারুক শাহিন, বরিশাল