সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে আজাদ (২৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহত আজাদ জীবননগর উপজেলার সদর পাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজাদসহ ৪-৫ জনের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় নতুনপাড়া সীমান্তের মেইন পিলার ৬৬ এবং সাব পিলার ১-এস হতে প্রায় ২৫০ মিটার ভারতের অভ্যন্তরে বানপুর গ্রামে প্রবেশ করে। এ সময় ধোনছে ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করলে আজাদ আহত হন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম তেতুল জানান, বিকেলে সীমান্ত সংলগ্ন মাঠে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন আজাদ। সেখানেই তিনি বিএসএফের গুলিতে আহত হন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মো. মোর্শেদ জানান, ছররা গুলিতে গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা