পিরোজপুরে ডিজেল-পেট্রলের সরবরাহ থাকলেও নেই অকটেন
পিরোজপুর জেলা সদরের দুটি ফিলিং স্টেশনেই তীব্র অকটেন সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকরা। তবে ডিজেল-পেট্রলের সরবরাহ রয়েছে।
আজ সোমবার (২৩ মার্চ) দুপুর থেকে শহরের ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে আসা মানুষের দীর্ঘ লাইন থাকলেও অকটেন সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। ডিজেল ও পেট্রল পাওয়া গেলেও অকটেন না থাকায় বিপাকে যানবাহনের চালকরা।
ভুক্তভোগী চালকরা জানান, তাদের যানবাহনের জন্য অকটেন প্রয়োজন হলেও তা না পেয়ে বাধ্য হয়ে পেট্রল নিতে হচ্ছে। এতে গাড়ির ইঞ্জিনের দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা রয়েছে।
ফিলিং স্টেশন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে অকটেনের চাহিদা বেড়ে যাওয়ায় দ্রুত মজুত শেষ হয়ে গেছে। পাশাপাশি ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে।
এদিকে পরিস্থিতি সামাল দিতে ফিলিং স্টেশনগুলোতে পেট্রল সরবরাহেও সীমা নির্ধারণ করা হয়েছে। মোটরসাইকেলে সর্বোচ্চ ২০০ টাকা এবং প্রাইভেটকারে সর্বোচ্চ ৫০০ টাকার পেট্রল দেওয়া হচ্ছে। দ্রুত অকটেন সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জেলা মনিটরিং সেলের সদস্য সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিন বলেন, তারা নিয়মিত বিভিন্ন ফিলিং স্টেশনে তদারকি চালাচ্ছেন। তদন্ত করছেন, ঠিকমতো অকটেন, ডিজেল, পেট্রল বিক্রি করছে কি না। তারা মনিটরিং করছেন যৌক্তিকভাবে যারা তেল চাচ্ছে তাদের দেওয়া হচ্ছে কি না।
অকটেন শেষ হয়ে গেলেও ডিজেল, পেট্রল ঠিকমতো দেওয়া হচ্ছে বলেও জানান এস এম আল আমিন।

রশিদ আল মুনান, পিরোজপুর