নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
বরিশালের গৌরনদী উপজেলায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ভূরঘাটা গ্রামে মোশারফ হাওলাদারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- গৌরনদীর পশ্চিম ভূরঘাটা গ্রামের ভ্যানচালক কাওছার হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (৩) ও আগৈলঝাড়া উপজেলার গোয়াইল গ্রামের ইরাক প্রবাসী বাহাদুর মৃধার ছেলে মোহাম্মদ মৃধা (৩)। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাই।
পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের পরদিন রোববার শিশু মোহাম্মদকে নিয়ে তার মা আয়েশা বেগম বাবার বাড়ি বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে দুই ভাই বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে তারা পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর সকাল সাড়ে ৯টার দিকে তাদের উদ্ধার করে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাহতা জারাব সালেহিন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আকতার ফারুক শাহিন, বরিশাল