বেনাপোলে পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই, তিন দালাল আটক
যশোরের বেনাপোল চেকপোস্টে ভারতগামী এক পাসপোর্ট যাত্রীকে ভয়-ভীতি দেখিয়ে ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে তিন দালালকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) সকালে চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
ভুক্তভোগী যাত্রীর নাম সুশান্ত কুমার মজুমদার। তিনি কুমিল্লা জেলার বুড়িচং থানার বুড়িচং গ্রামের বাসিন্দা। চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে তিনি বেনাপোলে এসেছিলেন।
আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের বাসিন্দা হামিদ, ভবারবেড় গ্রামের বাসিন্দা আতিকুর রহমান ও একই গ্রামের বাসিন্দা রুবেল হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সুশান্ত কুমার মজুমদার বেনাপোল চেকপোস্টে পৌঁছালে অভিযুক্ত দালালরা তার গতিরোধ করে। এরপর তাকে প্রাণনাশের ভয় দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায় এবং তার কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় ভুক্তভোগী যাত্রী তাৎক্ষণিকভাবে বেনাপোল পোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। সীমান্তে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দালাল চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মহসিন মিলন, বেনাপোল