ব্রহ্মপুত্র নদে স্নানোৎসবে পুণ্যার্থীদের ঢল
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জামালপুরে ব্রহ্মপুত্র নদের দক্ষিণ তীরে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমীর স্নানোৎসব সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকেই শহরের শ্মশানঘাট এলাকায় হাজার হাজার পুণ্যার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে নদীতীর।
সনাতন ধর্মাবলম্বীরা পূজা-অর্চনার মাধ্যমে নিজেদের পবিত্রতা ও বিশ্ববাসীর মঙ্গল কামনায় এই স্নানে অংশ নেন। স্থানীয়রা ছাড়াও শেরপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও ময়মনসিংহসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধলাখের বেশি পুণ্যার্থী ব্রহ্মপুত্র নদে পুণ্যস্নানে সমবেত হন।
অষ্টমীর স্নান উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জামালপুর শহরের প্রায় সাড়ে ৩০০ বছরের পুরোনো শ্রী শ্রী দয়াময়ী মন্দির এলাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী অষ্টমী মেলা। মেলায় নাড়ু, গজা, খাজা, সাজ-ঝুড়ি, জিলাপি ও বিচিত্র মিষ্টান্নের পাশাপাশি কাঠের আসবাবপত্র ও মাটির তৈরি তৈজসপত্রের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।
শ্রী শ্রী দয়াময়ী মন্দির কমিটির সভাপতি সিদ্ধার্থ শংকর রায় বলেন, অষ্টমী স্নান সনাতন ধর্মের অন্যতম প্রধান উৎসব। পুণ্য লাভের আশায় প্রতি বছর ব্রহ্মপুত্রের তীরে অগুনতি ভক্তের সমাগম ঘটে। স্নান, পূজা ও মেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় একটি আনন্দময় ও উৎসবমুখর আমেজ বিরাজ করছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পুণ্যস্নান ও অষ্টমীর মেলা ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেলা প্রাঙ্গণ ও নদীতীরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখছে।

আসমাউল আসিফ, জামালপুর