চাঁদপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বালতির পানিতে ডুবে আবরাহাম নামের এক বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে হাজীগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড আলীগঞ্জ-কংগাইশ গ্রামের বড় হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
আবরাহাম উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের কালচোঁ গ্রামের পাটওয়ারী বাড়ির মো. সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদুল ফিতর উপলক্ষে দুই দিন আগে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে আবরাহাম। গতকাল শুক্রবার দুপুরে অনেক সময় ধরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। এ সময় নানার বসতঘরের ভেতরের বাথরুমে থাকা বালতির পানিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখতে পেয়ে শিশুটির মা চিৎকার শুরু করেন। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির পরিবারের সদস্যদের ধারণা, বসতঘরের বাথরুমের বালতির পানিতে শিশুটি খেলতে গিয়ে কোনোভাবে উপুড় হয়ে বালতিতে আটকে যায়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। এ সময় তিনি পরামর্শ দেন, যে সব ঘরে সাঁতার না জানা শিশু রয়েছে, সেসব পরিবার যেন বাথরুমে কোনোভাবেই পানি জমিয়ে না রাখে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) আবু আহম্মেদ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মামলা হয়নি।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)