নবীন ফ্যাশনের ঘটনায় হাতিরঝিল থানার ওসির নিঃশর্ত ক্ষমা প্রার্থনা
রাজধানীর মগবাজার এলাকায় নবীন ফ্যাশনের একটি পাঞ্জাবির দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।
আজ রোববার (২৯ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। এদিন আদালতে স্বশরীরে হাজির হয়ে জবাব দাখিল করেন ওসি। একইসঙ্গে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
নবীন ফ্যাশনের একটি পাঞ্জাবির দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় গত ২৫ মার্চ একই আদালত ওসি গোলাম মর্তুজাকে তলব করে এ বিষয়ে ব্যাখা দিতে তিন দিন সময় দেন। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে দোকানটি খুলে দিতে ওসিকে নির্দেশ দেওয়া হয়। ওই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আজ আদালতে হাজির হন গোলাম মর্তুজা। তিনি জবাব দাখিল করে ক্ষমা প্রার্থনা করেন।
এ বিষয়ে আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জামাল উদ্দিন মারজিন গণমাধ্যমকে বলেন, ওসি গোলাম মর্তুজা আদালতে হাজির হয়ে জবাব দাখিল করেন ও নিঃশর্ত ক্ষমা চান। আদালত তার বক্তব্য শুনেছেন। এ বিষয়ে আদালত রাষ্ট্রপক্ষের মতামত চেয়েছেন। ওসি যে ক্ষমা প্রার্থনা করেছেন সে বিষয়ে আদেশ অপেক্ষমান।
নথি থেকে জানা গেছে, গত ২০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের ব্যবসায়ীরা মগবাজারে নবীন ফ্যাশনের দোকান বন্ধ করে দেয়। কমদামে পণ্য বিক্রিকে ‘রিলিফ দেওয়ার’সঙ্গে তুলনা করে আপত্তি জানান আশপাশের দোকানিরা। এ সময় পুলিশের উপস্থিতিও দেখা যায়। পরে ওসির নির্দেশে নবীন ফ্যাশনের পাঞ্জাবির দোকানটি বন্ধ করে দেওয়ার অভিযোগ করা হয়।

আদালত প্রতিবেদক