বরিশালে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ১০
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস উল্টে খাদে পড়ে ইতি চক্রবর্তী (৩৫) নামে এক নারী নিহত এবং ১০ জন বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ রোববার (২৯ মার্চ) ভোরে মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইতি বরিশাল নগরীর কাউনিয়া এলাকার গুরুদাস চক্রবর্তীর স্ত্রী।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, ভোর পাঁচটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানিয়েছেন, ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী গ্রীনভিউ পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গর্তে পড়ে যায়। এতে চারজন বাস যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা ইতি চক্রবর্তীকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করার পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিহত ইতি চক্রবর্তীর মেয়ে উপমা চক্রবর্তী জানান, গৌরনদীর বার্থী কালীমাতার মন্দিরে বার্ষিক কালীপূজায় অংশ নিতে বরিশাল থেকে গতরাতে গিয়েছিলেন তার মা ইতি চক্রবর্তী। সারা রাত মা কালীর আরাধনা শেষে ভোরে বরিশালের উদ্দেশে বাসে করে রওনা হলে পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।

আকতার ফারুক শাহিন, বরিশাল