যানবাহন নিয়ন্ত্রণে জিপিএস পদ্ধতি কার্যকর করতে যাচ্ছে সরকার : সড়ক পরিবহণ মন্ত্রী
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আগামীতে যানবাহন নিয়ন্ত্রণে জিপিএস পদ্ধতি কার্যকর করতে যাচ্ছে সরকার।
আজ রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগে সড়ক নিরাপত্তা নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কারণে গত ঈদুল ফিতরে দেড় কোটি মানুষ সুষ্ঠুভাবে ঈদ উদযাপনের জন্য ঢাকার বাইরে যাতায়াত করতে পেরেছে।
ঈদের ছুটিকালীন সময়ে দুটি দুর্ঘটনায় বেশকিছু মানুষের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, আগামীতে যাতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা যায়, সেই বিষয়ে বাস্তবসম্মত কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ সময় শেখ রবিউল আলম আরও বলেন, আগামী ঈদে রাস্তাঘাটে এখান সেখান থেকে বাসে লোকজন পরিবহণ করা যাবে না। সুনির্দিষ্ট স্টপেজগুলো থেকেই যাত্রী নিতে হবে।
সড়ক পরিবহণ মন্ত্রী বলেন, জিপিএস সিস্টেম চালুর ফলে যাত্রীবাহী বাসগুলো অতিরিক্ত যাত্রী পরিবহণ করতে পারবে না। অতিরিক্ত যাত্রী পরিবহণ করলে অথবা নির্দিষ্ট দূরত্বে না গেলে বা মাঝপথ থেকে ফিরে এলে যানবাহনগুলো অটোমেটিক্যালি জরিমানার আওতায় পড়বে।
মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, গত ঈদুল ফিতরের সময় দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বিপুল মানুষ সুষ্ঠুভাবে প্রত্যেকে নিজ নিজ বাড়িঘরে যাতায়াত করতে পেরেছে।
সড়ক মন্ত্রী আরও বলেন, ঈদুল আজহা বা কোরবানির ঈদ আসন্ন। ঈদুল আজহার সময়ের মানুষের যাতায়াত কীভাবে আরও নির্বিঘ্ন করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
শেখ রবিউল আলম বলেন, বিভিন্ন সংস্থার প্রধান থেকে অনেকগুলো মতামত পরামর্শ এসেছে। এগুলো আমরা পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য উদ্যোগ নেব।
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, আগামী ঈদুল আজহার সময়ও সড়কের পাশে কোনো দোকান বসবে না। কোরবানির পশুর হাটও মহাসড়কের পাশে না বসানোর জন্য সারা দেশের জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাস ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)