তেলের জন্য দীর্ঘ সারি, মানিকগঞ্জে ফিলিং স্টেশনে চরম ভোগান্তি
জ্বালানি তেলের সরবরাহ ঘাটতিতে মানিকগঞ্জ জেলায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে মোটরসাইকেল চালকদের দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত পরিমাণ তেল না পাওয়ায় ক্ষোভ ও হতাশা দিন দিন বাড়ছে।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে তেলের জন্য হাহাকার। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মানিকগঞ্জে মোট ১৫টি ফিলিং স্টেশন রয়েছে। শহরের বাসস্ট্যান্ড এলাকাসহ গুরুত্বপূর্ণ পাম্পগুলোতে শত শত মোটরসাইকেল চালক ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন। কোথাও ৬ থেকে ৮ ঘণ্টা অপেক্ষা করেও পর্যাপ্ত তেল মিলছে না।
তেল নিতে আসা গ্রাহকদের অভিযোগ, সকাল থেকে লাইনে দাঁড়িয়েও অনেক সময় নির্ধারিত পরিমাণের বেশি তেল পাওয়া যাচ্ছে না। এক ভুক্তভোগী বলেন, ‘সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু ৩০০ টাকার বেশি তেল দিচ্ছে না। এতে অফিসে যেতে দেরি হচ্ছে, কাজেও সমস্যা হচ্ছে।’ বিশেষ করে চাকরিজীবী ও জরুরি সেবায় নিয়োজিতরা এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
ফিলিং স্টেশন মালিকরা জানিয়েছেন, ডিপো থেকে তেলের চালান না পাওয়ায় তারা সরবরাহ দিতে পারছেন না। চাহিদার তুলনায় সরবরাহ মাত্র এক-তৃতীয়াংশ। পরিস্থিতি সামাল দিতে প্রতি মোটরসাইকেলে সর্বোচ্চ ৩০০ টাকার তেল বরাদ্দ করা হয়েছে। সীমিত সরবরাহের কারণে অনেক সময় গ্রাহকদের সঙে্গ কর্মীদের বাকবিতণ্ডাও ঘটছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশব্যাপী জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির প্রভাব মানিকগঞ্জে আরও তীব্রভাবে দেখা যাচ্ছে। সংকট নিরসনে জেলা প্রশাসন অ্যাপভিত্তিক তেল বিতরণ ব্যবস্থা চালুর উদ্যোগসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। তবে দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনভোগান্তি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ