ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য নানা উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বাঙালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পৌর মুক্তমঞ্চ থেকে একটি বর্ণিল বৈশাখী শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ফারুকী পার্ক চত্বরে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে ফারুকী পার্কে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী লাঠিখেলা ও মোরগ লড়াইসহ নানা গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা প্রশাসক মো. আবু সাঈদ, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ এবং জেলা জামায়াতে ইসলামীর আমীর মোবারক হোসেন আকন্দ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বৈশাখ মানেই বাঙালি জাতিসত্তার এক মিলনমেলা। এই উৎসব জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে এক সুতোয় গেঁথে দেয়। বাঙালির এই ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া