প্রবাসীর বাড়ি থেকে ৫ গরু চুরির অভিযোগ
জয়পুরহাটের আক্কেলপুরে এক প্রবাসীর বাড়ি থেকে পাঁচটি গরু চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। চোরেরা ঘরের দরজার বাইরে থেকে শিকল লাগিয়ে গোয়ালঘর থেকে পাঁচটি গরু নিয়ে যায়।
গতকাল সোমবার (১৩ এপ্রিল) দিনগত রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সুসৃষ্টি গ্রামে সৌদি প্রবাসী মোহসিন আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী মোহসিন আলীর বাড়িতে তাঁর স্ত্রী আটটি গরু লালন-পালন করতেন। এর মধ্যে দুই সপ্তাহ আগে তিনটি গরু বিক্রি করা হয়। গতকাল সোমবার দিনের বেলায় গোয়ালঘরে একটি ষাঁড় ও চারটি বকনা গরু বাঁধা ছিল। আজকের জন্য আগেই খাবার হিসেবে ঘাস সংগ্রহ করে রাখা হয়েছিল।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখতে পান, গোয়ালঘরে ঘাস থাকলেও একটি গরুও নেই। একই সঙ্গে ঘরের দরজায় বাইরে থেকে শিকল লাগানো ছিল, যা দেখে তারা হতভম্ব হয়ে পড়েন।
স্থানীয়দের ধারণা, চোরেরা পরিকল্পিতভাবে বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে বাড়ির ফটকের তালা কেটে গোয়ালঘরে ঢুকে গরুগুলো নিয়ে যায়। পরিবারের সদস্যদের বাইরে বের হতে না দিতে ঘরের দরজায় বাইরে থেকে শিকল লাগিয়ে দেওয়া হয়।
প্রবাসীর মা মনোয়ারা বেগম বলেন, চুরি যাওয়া পাঁচটি গরুর আনুমানিক মূল্য চার লাখ টাকা। তিনি বলেন, রাতে সবাই খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েছিল। ভোরে দরজা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে শিকল দেওয়া। পরে প্রতিবেশীদের ডেকে এনে দরজা খুলে বাইরে এসে দেখি গোয়ালঘরে একটি গরুও নেই।
মনোয়ারা বেগম আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিবারের সদস্যরা গরুগুলো উদ্ধারের চেষ্টা করছে।
প্রতিবেশী সানোয়ার হোসেন বলেন, এলাকায় প্রায়ই গরু চুরির ঘটনা ঘটছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা করা হয়নি।

এস আই পাভেল, জয়পুরহাট (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর)