ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জানাল আবহাওয়া অফিস
রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। বাতাসের গতিবেগ দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটারের মধ্যে থাকতে পারে।
আজ ঢাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টিপাত হলেও গরমের তীব্রতা খুব একটা কমেনি। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৩০ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ এবং তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬০ ডিগ্রি সেলসিয়াস।
আজ সন্ধ্যায় ঢাকায় সূর্যাস্ত হবে ৬টা ২০ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৭ মিনিটে।
সার্বিকভাবে, ঢাকার জনজীবনে আজ গরমের খুব একটা পরিবর্তন হচ্ছে না, তবে আকাশ মেঘলা থাকায় রোদের তেজ কিছুটা কম অনুভূত হতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক