পাঁচ দিন কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ
সারাদেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি দেশের কয়েকটি বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এসব এলাকার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে এবং কিছু কিছু এলাকায় তা আরও বিস্তার লাভ করতে পারে। সোমবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৯ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার।
আরও পড়ুন : তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর পূর্বাভাস
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা প্রধানত ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে।
তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, শেষ দিকে সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আবহাওয়া দপ্তরের মতে, বৃষ্টি না হওয়া পর্যন্ত চলমান তাপপ্রবাহ থেকে খুব দ্রুত মুক্তি পাওয়ার সম্ভাবনা কম।

এনটিভি অনলাইন ডেস্ক