দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে : মন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, বায়ু, পানি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে অবৈধ দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
আজ বুধবার (১৫ এপ্রিল) বেলা ১২টার দিকে জাতীয় সংসদে কুষ্টিয়া-৪ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. আফজাল হোসেনের তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পানি দূষণ নিয়ন্ত্রণে তরল বর্জ্য নির্গমনকারী শিল্প প্রতিষ্ঠানসমূহে ইটিপি স্থাপনে উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া শব্দ দূষণ নিয়ন্ত্রণেও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ দূষণকারী ইটভাটাসমূহের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। বর্তমান ইটভাটা মৌসুমে নভেম্বর ২০২৫ থেকে মার্চ ২০২৬ সময় পর্যন্ত অবৈধভাবে পরিচালিত ১১টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে এবং একটি ইটভাটা থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মন্ত্রী জানান, ১ জানুয়ারি থেকে অদ্যাবধি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫টি মামলা দায়ের করা হয়েছে এবং ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়াও ৩২টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে বিনষ্ট করা হয়েছে। অধিকন্তু, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত লিফলেট বিতরণ করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক