শ্রীপুরে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার মাত্র ৪০ মিনিটের এই ঝড়ে উপজেলার প্রায় ১ হাজার কৃষকের ৩০০ হেক্টর জমির বোরো ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কৃষি বিভাগ ও স্থানীয়দের মতে, ক্ষতিগ্রস্ত ধানের পরিমাণ প্রায় ১ হাজার ৮০০ টন। ফসলের পাশাপাশি প্রায় ৪০০ পরিবার ও একটি মাদ্রাসার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সরেজমিনে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা, বেইলদিয়া ও নান্দিয়া সাঙ্গুন গ্রামে গিয়ে দেখা যায়, প্রতিটি ফসলের মাঠ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বোরো ধানের পাশাপাশি মৌসুমি শাকসবজি ও ফলগাছের অপূরণীয় ক্ষতি হয়েছে। বহু বসতবাড়ির টিনের চাল উড়ে গেছে, আবার বড় বড় শিলার আঘাতে অসংখ্য ঘরের চাল ফুটো হয়ে চালুনির মতো হয়ে গেছে। ঝড়ে গাছপালা ভেঙে ঘরের ওপর পড়ায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, কাওরাইদ ইউনিয়নের এই তিনটি গ্রামের প্রতিটি কৃষকই ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষয়ক্ষতির ভয়াবহতা ভাষায় প্রকাশ করার মতো নয়। সকাল থেকে শত শত বিঘা জমি ঘুরে দেখলাম বোরো ধানের কী করুণ অবস্থা। উপজেলার সব দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে। আমরা ক্ষতিগ্রস্ত সবার পাশে দাঁড়াব এবং সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করব।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ জানান, প্রশাসন ইতোমধ্যে সংসদ সদস্যকে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে। ঘরবাড়ি হারানো পরিবারগুলোর জন্য ঢেউটিনসহ ঘর নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)