টাকা না পেয়ে ঘরের টিন-বেড়া খুলে নিলেন পাওনাদাররা
নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নে মাত্র কয়েক হাজার টাকা পাওনা পরিশোধ করতে না পারায় এক দরিদ্র ব্যক্তির বসতবাড়িতে হামলা চালিয়ে ঘরের চালার টিন, বেড়া ও খুঁটি খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার ও বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুই দফায় উপজেলার রুখালী গ্রামে এই অমানবিক ঘটনা ঘটে। মাথাগোঁজার ঠাঁই হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুখালী গ্রামের বাসিন্দা জাহিদ সিকদার চরম অভাবের তাড়নায় একই গ্রামের মিজানুর, মিরাজ ও মিকাইলসহ কয়েকজনের কাছ থেকে বিভিন্ন সময়ে ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ধার নিয়েছিলেন। দীর্ঘদিন সেই টাকা শোধ করতে না পারায় পাওনাদাররা তাকে চাপ দিতে থাকে। একপর্যায়ে তাদের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান জাহিদ।
অভিযোগ উঠেছে, জাহিদ বাড়িতে না থাকার সুযোগে গত বুধবার ও বৃহস্পতিবার মিজানুর ও মিরাজ বিশ্বাসের নেতৃত্বে একদল লোক দুই দফায় জাহিদের বাড়িতে হামলা চালায়। তারা বসতঘর ও রান্নাঘরের চালার টিন, বেড়া ও খুঁটি উপড়ে নিয়ে যায়। এমনকি ঘর থেকে আসবাবপত্র লুটেরও অভিযোগ উঠেছে।
জাহিদের পরিবারের এক সদস্য কান্নায় ভেঙে পড়ে বলেন, সামান্য টাকার জন্য ওরা আমাদের ঘরবাড়ি সব কেড়ে নিল। এখন আমরা ছেলে-মেয়ে নিয়ে কোথায় যাব?
তবে ভাঙচুর ও লুটের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মিকাইল বিশ্বাস। তার দাবি, তারা পাওনা টাকা আদায়ের জন্য সেখানে গিয়েছিলেন, কিন্তু কোনো বেআইনি হামলা বা লুটতরাজ করেননি।
খবর পেয়ে মির্জাপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, আমরা ঘটনার তদন্ত করছি। ভুক্তভোগী পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনের তোয়াক্কা না করে এভাবে ঘরবাড়ি ভেঙে ফেলার সুযোগ কারো নেই।

এম. মুনীর চৌধুরী, নড়াইল