নদীতে গোসল করতে নেমে বাড়ি ফেরা হলো না দুই বান্ধবীর
গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার গোসিংগা ইউনিয়নের খোঁজেখানি গ্রামের শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় এই দুই স্কুলছাত্রী। পরে দুজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জনতা ও ডুবুরি দল।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাওনা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার খাইরুল আলম ও শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা।
নিহত মার্জিয়া আক্তার মিম (১৬) উপজেলার গোসিংগা ইউনিয়নের খোঁজেখানী গ্রামের মো. মিলন মিয়ার মেয়ে। অপর নিহত সুবর্ণা আক্তার (১৬) একই গ্রামের শ্যামল মোড়লের মেয়ে। তারা দুজনেই গোসিংগা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুর ১টার দিকে মিম ও সুবর্ণাসহ ছয়-সাতজন মিলে বাড়ির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায়। তারা দুজনেই সাঁতার জানত না। পানিতে নামার একপর্যায়ে তারা স্রোতে টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
এ সময় তাদের সঙ্গে থাকা সহপাঠীদের চিৎকারে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে সুবর্ণাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে মার্জিয়া আক্তার মিম নিখোঁজ থাকায় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল দীর্ঘ চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
সুবর্ণার ছোট বোন হামিদা বলে, আপু ও মিম নদীতে ডুবে যায়। আমরা দৌড়ে বাড়ি গিয়ে খবর দেই। বাড়ি থেকে লোকজন এসে আপুকে নদী থেকে উঠায়। আর মিম আপুকে খোঁজে পাওয়া যায়নি।
মাওনা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার খাইরুল আলম মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, নদী স্কুলছাত্রী নিখোঁজের খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাদের উদ্ধারে রওনা হয় মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা। একই সঙ্গে ঢাকার ডুবুরি দলকে খবর দেওয়া হয়। টঙ্গী থেকে ডুবুরিদল ঘটনাস্থলে যাওয়ার আগেই একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে অন্য জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)