জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে অপপ্রচার ও ব্ল্যাকমেইল, হাসান নাসিম কারাগারে
জাতীয় সংসদের চিফ হুইপ নূর ইসলাম মনিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও ব্ল্যাকমেইল করার অভিযোগে সাবেক শিবির নেতা ও কন্টেন্ট ক্রিয়েটর এ এম হাসান নাসিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ শনিবার (১৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এই আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক মো. রায়হানুর রহমান আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন বনলতা আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে হাসান নাসিমকে (৩৫) গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ডিবির উপপরিদর্শক (এসআই) বিনয় কুমার রায়ের নেতৃত্বে একটি আভিযানিক দল তদন্তের ভিত্তিতে এই অভিযান চালায়।
মামলার নথি থেকে জানা গেছে, চিফ হুইপের একনিষ্ঠ কর্মী পরিচয়দানকারী মো. নজরুল ইসলাম বাদী হয়ে আজ শনিবার গুলশান থানায় মামলাটি দায়ের করেন। এজাহারে বলা হয়েছে, গত ১১ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে একটি ফেসবুক আইডি থেকে চিফ হুইপকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে পোস্ট দেওয়া হয়। পোস্টে ক্যাপশন ছিল—‘সাগর থেকে ৩টা তিমি মাছ নিয়ে এসেছি, ২টা হাঙর আসতেছে ইনশাআল্লাহ, সবার দাওয়াত : চিফ হুইপ’।
পরবর্তীতে ওই আইডি থেকে বিভিন্ন সময়ে আরও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আসামিরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিফ হুইপের ব্যক্তিগত নম্বরে বিভিন্ন স্ক্রিনশট পাঠিয়ে অনৈতিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ব্ল্যাকমেইল করতে থাকেন। বিষয়টি নিয়ে চিফ হুইপের সঙ্গে আলোচনার পর বাদী এই আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

আদালত প্রতিবেদক