পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : প্রতিমন্ত্রী
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, পাট খাতের উন্নয়নে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাটের তৈরি স্কুল ব্যাগ কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগী হয়ে কাজ করছে সরকার। এতে জেডিপিসি অগ্রণী ভূমিকা পালন করছে।
রাজধানীর মণিপুরীপাড়ায় শনিবার (১৮ এপ্রিল) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জেডিপিসি পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা জানান।
এ সময় প্রতিমন্ত্রী জেডিপিসির সার্বিক কার্যক্রম ও বিপণন সেন্টার পরিদর্শন করেন এবং নানা দিক নির্দেশনা দেন।
জেডিপিসির কার্যক্রমের প্রশংসা করে প্রতিমন্ত্রী জানান, পণ্যের গুণগত মান উন্নয়ন, নতুন ডিজাইন ও উদ্যোক্তা তৈরিতে জেডিপিসি কাজ করছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাটপণ্যের চাহিদাকে কেন্দ্র করে এ প্রতিষ্ঠানকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
এ সময় জেডিপিসির ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব) মো. জাহিদ হোসেন, উপসচিব সাইফুল ইসলাম আজাদ, উপসচিব শাহাদাত হোসেন কবির ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)