কুষ্টিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত
কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে রাশেদ আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদ ওই এলাকার রবিউল শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার রাতে সেই বিরোধের জেরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই জহুরুল উত্তেজিত হয়ে বড় ভাই রাশেদকে লক্ষ্য করে উপর্যুপরি ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে আনার আগেই রাশেদের মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক গভীর আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত ছোট ভাই জহুরুল ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পলাতক রয়েছেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘাতক ছোট ভাইকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া