মাদক সেবনে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বাকে লাথি, গর্ভস্থ শিশুর মৃত্যুর অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় এক অন্তঃসত্ত্বা নারীকে পেটে লাথি মেরে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এই নৃশংস হামলায় ওই নারীর গর্ভস্থ পাঁচ মাসের শিশুর মৃত্যু হয়েছে বলে আল্ট্রাসনোগ্রাম রিপোর্টের ভিত্তিতে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৩নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) ভুক্তভোগী নারীর মা মাকসুদা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন মাকসুদা আক্তার ও তার অন্তঃসত্ত্বা মেয়ে বিথী (২৬) তাদের নিজ বসত বাড়িতে গিয়ে দেখতে পান, স্থানীয় মাদকসেবী আমির, বসির, নয়ন ও রশিদসহ কয়েকজন সেখানে মাদক সেবন ও কেনাবেচা করছে। বাড়ির সামনে এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করলে মাদক কারবারিরা চড়াও হয় এবং গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে আসামিরা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বিথীর পেটে সজোরে লাথি মারলে তিনি রক্তক্ষরণ শুরু হয়ে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগীর মা মাকসুদা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ওরা আমার মেয়ের গর্ভের সন্তানকে মেরে ফেলেছে। এটা কেবল হামলা নয়, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। আমি আমার অনাগত নাতির হত্যার বিচার চাই।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস জানান, ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করার পর আল্ট্রাসনোগ্রাম করানো হয়। রিপোর্টে দেখা গেছে, আঘাতের ফলে তার গর্ভের সন্তানটি নষ্ট হয়ে গেছে।
তবে অভিযুক্তরা এই ঘটনা অস্বীকার করে দাবি করেছেন, কবরস্থানে বালু ভরাটের সময় বিথীর শ্বশুরের সাথে ধাক্কা লেগে তিনি আহত হয়েছেন। তাদের ফাঁসাতে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে বলে দাবি তাদের।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অতি দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)