পশ্চিমবঙ্গে নির্বাচন : হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে।
হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের কারণে ওপারে ব্যবসায়িক কার্যক্রম স্থবির রয়েছে। ফলে ভারতীয় ব্যবসায়ীরা আজ হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি এবং বাংলাদেশ থেকে পণ্য আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক যাতায়াত করবে না।
মো. ফেরদৌস রহমান আরও জানান, আজ নির্বাচনের কারণে বন্দর বন্ধ থাকার পর আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি। ফলে টানা দুই দিন বন্ধ শেষে আগামী পরশু শনিবার থেকে পুনরায় এই বন্দর দিয়ে পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
এদিকে, বন্দরে বাণিজ্য বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম যথারীতি চালু রয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি বন্ধের প্রভাব যাত্রী পারাপারে পড়েনি। প্রতিদিনের মতো সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাসপোর্টধারী যাত্রীরা দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারছেন।
উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরবর্তী ধাপের ভোটগ্রহণ আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।

জাহিদুল ইসলাম, হিলি