সাতক্ষীরা রাসায়নিক মিশ্রিত আম জব্দ ও ধ্বংস
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে বিপুল অপরিপক্ব ও ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত আম জব্দ করে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে ধ্বংস করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ঢাকাগামী একটি পিকআপ থেকে মালিকবিহীন অবস্থায় ১৬৮ ক্যারেট বা প্রায় তিন হাজার ৩৬০ কেজি আম জব্দ করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আমগুলো কৃত্রিমভাবে পাকানোর জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়েছিল।
অভিযানকালে আম পরিবহণের দায়ে মোমরেজপুর গ্রামের পিকআপচালক মো. শাহিন হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
পরে জব্দ করা আম শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন ভেড়িবাঁধ সড়কে ট্রাক নিচে চাপা দিয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিজিবির সদস্যরা সহায়তা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান জানিয়েছেন, ভেজাল ও ক্ষতিকর খাদ্যদ্রব্যের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এস এম জিন্নাহ, সাতক্ষীরা