বিসিকে নির্মাণাধীন প্রধান ফটক ধসে রড মিস্ত্রি নিহত
কিশোরগঞ্জ শিল্পনগরী বিসিকে নির্মাণাধীন প্রধান ফটক ধসে চাপা পড়ে রাসেল (২৭) নামে এক রড মিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার মারিয়া এলাকার শিল্পনগরী বিসিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল মারিয়া ইউনিয়নের স্বল্পমারিয়া এলাকার মানিক মিয়ার ছেলে। আহত ৪ শ্রমিককে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ বিসিকের প্রধান ফটক নির্মাণের কাজ চলছিল। সন্ধ্যার দিকে ফটকের উপরের অংশে ঢালাই দেওয়া হচ্ছিল। ঢালাই কাজ শেষ হওয়ার পরপরই হঠাৎ পুরো কাঠামোটি ধসে পড়ে। এতে নিচে কর্মরত ৫ জন শ্রমিক চাপা পড়েন।
প্রথমে এলাকাবাসী উদ্ধার অভিযান চালিয়ে ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনকে উদ্ধার করে। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ শিল্পনগরী বিসিকের সহকারী মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান আল ফারুক জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে কাজ বন্ধ রাখার নির্দেশ ছিল। ঝড়-বৃষ্টির আশঙ্কায় আমাদের অফিসের পক্ষ থেকে ঢালাই দিতে মানা করা হয়েছিল। কিন্তু সেই নির্দেশনা অমান্য করেই ঢালাইয়ের কাজ শুরু করা হয়। সম্ভবত সে কারণেই এই ধসের ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা ঠিকাদারকে জানিয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ আবু খালিদ জানান, সংবাদ পাওয়ার সাথে সাথেই তারা অ্যাম্বুলেন্সসহ ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালানো হয়। ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছে কি না, তা নিশ্চিতে পুরো এলাকা তল্লাশি করে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে।

আদি রাকিব, কিশোরগঞ্জ (সদর-হোসেনপুর)