সিএনজির সিটের নিচে মিলল বিপুল ইয়াবা, চালক আটক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন বাস স্টেশন এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে সিএনজি চালককে আটক এবং যানটি জব্দ করা হয়েছে।
আটক চালকের নাম জান্নাত উল্লাহ সাঈদ (১৯)। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি পুরাতন বাস স্টেশন এলাকায় অবস্থান নেয় পুলিশ। এসময় সন্দেহভাজন একটি সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক সাঈদ কোনো অবৈধ বস্তু বহনের কথা অস্বীকার করেন। পরে তল্লাশিতে চালকের আসনের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত (ওসি, তদন্ত) মো. একরাম উল্লাহ জানান, উপজেলায় মাদক পাচার ও চোরাচালান রোধে পুলিশের অভিযান নিয়মিত অব্যাহত রয়েছে। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সিহাব উদ্দিন, বান্দরবান (নাইক্ষ্যংছড়ি)