ইরানের ওপর নৌ-অবরোধ কয়েক মাস স্থায়ী হতে পারে : ট্রাম্প
ইরানের ওপর চলমান নৌ-অবরোধ আরও কয়েক মাস স্থায়ী হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্যের পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বেড়ে গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বুধবার (২৯ এপ্রিল) ব্রেন্ট ক্রুড ফিউচার ৭ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৯ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে। যা ২০২২ সালের ইউক্রেন যুদ্ধের শুরুর পর সর্বোচ্চ দর।
গত মঙ্গলবার (২৮ এপ্রিল) তেল খাতের নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প দাবি করেন, ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ বজায় রাখা সরাসরি বোমা হামলার চেয়েও বেশি কার্যকর।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ট্রাম্প এই অবরোধ প্রয়োজনে আরও কয়েক মাস চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানি পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে চরম ঔদ্ধত্যপূর্ণ ভাষা ব্যবহার করেন। তিনি বলেন, পরিস্থিতি তাদের জন্য আরও ভয়াবহ হতে যাচ্ছে।
এদিকে কূটনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললে পুতিন তাকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের ওপর পুনরায় যুদ্ধ শুরু করে তবে তার ফল হবে ‘ভয়াবহ’। অন্যদিকে, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎসের ওপর ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প। ইরান যুদ্ধে সমর্থন না দেওয়া ও হরমুজ প্রণালিতে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে অস্বীকৃতি জানানোয় জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছেন তিনি। চ্যান্সেলর মের্ৎস এর আগে মন্তব্য করেছিলেন, আলোচনার টেবিলে ইরান ওয়াশিংটনকে ‘অপদস্থ’ করছে, যা ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক