যুক্তরাষ্ট্রে নিহত পিএইচডি শিক্ষার্থী লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ আগামী ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।
গোলাম মোর্তোজা জানান, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট মরদেহ নিয়ে ২ মে রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো (এমসিও) থেকে রওনা হবে। দুবাইয়ে এই ফ্লাইটের ট্রানজিট থাকবে।
আরেকটি পোস্টে গোলাম মোর্তোজা লেখেন, লিমনের প্রথম জানাজা ৩০ এপ্রিল দুপুর ২টায় ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়াতে অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রে ১০ দিন ধরে নিখোঁজ থাকা সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের (জামিল আহমেদ লিমন) লাশ পাওয়া যায়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে (২৬) গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি আরেক পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন তার বড় ভাই জাহিদ হাসান প্রান্ত।

এনটিভি অনলাইন ডেস্ক