প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উঁচু পর্বতশৃঙ্গে বাবর
এবার নিজেকে আরেক ধাপ উচ্চতায় নিয়ে গেলেন পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি বিশ্বের পঞ্চম উঁচু পর্বতশৃঙ্গ জয় করেছেন।
আজ শনিবার (২ মে) ভোর ৫টা ৪৫ মিনিটে বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালুতে (৮,৪৮৫ মিটার) আরোহণ করেন বাবর আলী। নেপালের মহালাঙ্গুর হিমালে অবস্থিত এই পর্বতে এটিই কোনো বাংলাদেশি পর্বতারোহীর প্রথম সফল আরোহন।
‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক এই অভিযানের আয়োজন করে পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’।
গত ৭ এপ্রিল ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ বা ‘মহা-কালো’ নামে পরিচিত মাকালু জয়ের উদ্দেশ্যে বাবর দেশ ছাড়েন। ৯ এপ্রিল তিনি টুমলিংটার উড়ে যান। পরে সেখান থেকে গাড়িতে পৌঁছান সেদুয়া গ্রামে। ১৮ এপ্রিল পায়ে হেঁটে উচ্চতর বেজক্যাম্পে পৌঁছান।
৩০ এপ্রিল আবহাওয়া অনুকূলে এলে বাবর আবার অভিযানে নামেন। সেদিনই ৬ হাজার ৬০০ মিটার উচ্চতার ক্যাম্প-২-এ পৌঁছে যান। পরদিন ৭ হাজার ৪০০ মিটার উচ্চতার ক্যাম্প-৩-এ ওঠেন। সেখান থেকে রাতেই চূড়ান্ত আরোহণ শুরু করেন।
পৃথিবীতে ৮ হাজার মিটার বা তার বেশি উচ্চতার পর্বত রয়েছে মোট ১৪টি। এর মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচটি জয় করলেন বাবর আলী।
ভার্টিক্যাল ড্রিমার্স তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানায়, বিনিদ্র রজনী শেষে এক নতুন আলোকিত ভোরের সূচনা। প্রায় সাড়ে আট ঘণ্টা অবিরাম আরোহণ শেষে অবশেষে বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে বাবর স্পর্শ করলো পৃথিবীর পঞ্চম সর্বোচ্চ শিখর মাউন্ট মাকালু (২৭,৮৩৮ ফুট/৮,৪৮৫ মিটার) চূড়া।
পোস্টে আরও বলা হয়, এরই সঙ্গে এই পর্বতে প্রথমবার উড়লো বাংলাদেশের লাল-সবুজের বিজয় নিশান। আর বাবর নিজেকে নিয়ে গেল আরেকটু উচ্চতায়। পৃথিবীর ১৪টি আট হাজারি শৃঙ্গের পাঁচটি আরোহণ করা একমাত্র বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী।

এনটিভি অনলাইন ডেস্ক