ঢাকাসহ ৪ বিভাগে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ভূমিধসের শঙ্কা
প্রতীকী ছবি
ঢাকাসহ দেশের চারটি বিভাগে ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারি বৃষ্টিতে কোথাও কোথাও জলাবদ্ধতা হতে পারে। এ ছাড়া পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধস হতে পারে।
আজ শনিবার (২ মে) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তা হিসেবে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আজ শনিবার (২ মে) দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
ভারি থেকে অতি ভারি বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক