চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আজ রোববার (৩ মে) সকাল ৬টার দিকে নাচোল-আড্ডা আঞ্চলিক সড়কের উপজেলার বেনিপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বালুটঙ্গি গ্রামের মোজাম্মেলের ছেলে রবিউল আউয়াল জিসান (২৭) ও নাচোল উপজেলার আজিপুর গ্রামের সালামের ছেলে সোহাগ (১৭)। নিহত রবিউল আউয়াল জিসান নওগাঁ দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে কর্মরত ছিলেন এবং সোহাগ সম্পর্কে তার শ্যালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল আউয়াল জিসান ছুটিতে শ্বশুরবাড়ি নাচোলের আজিপুরে এসেছিলেন। রোববার ভোরে কর্মস্থল নওগাঁয় ফেরার উদ্দেশ্যে তিনি শ্যালক সোহাগের মোটরসাইকেলে চড়ে আড্ডার দিকে যাচ্ছিলেন। পথে বেনিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে নাচোল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেন। নিহত জিসানের পরিবার জানিয়েছে, আজ ভোরেই তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেব জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। মরদেহ দুটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)