হেরোইন উদ্ধারের ঘটনায় একজনের যাবজ্জীবন
২০০ গ্রাম হেরোইন উদ্ধারের ঘটনায় সাগর হোসেন সোহাগকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (৬ মে) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ১৩তম আদালতের বিচারক মো. জাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিচারক রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশের একটি স্থান থেকে সাগর হোসেন সোহাগকে আটক করে পুলিশ। পরে তার প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(গ) ধারায় মামলা দায়ের করা হয়। মামলার পরে পুলিশ তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে আসামি সাগর হোসেন সোহাগের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায় পুলিশ। এরপর আদালতে মামলাটির বিচার প্রক্রিয়া শেষে আজ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

আদালত প্রতিবেদক