মানিকগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া সেতুর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ট ১২-৬০৫৯ নম্বরের একটি কংক্রিটবোঝাই ট্রাক দড়গ্রাম এলাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে মানিকগঞ্জ-ল ১২-৭১০১ নম্বরের একটি ১৫০ সিসি জিক্সার মোটরসাইকেলে করে তিনজন আরোহী তিল্লিরচর থেকে দড়গ্রামের দিকে আসছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সোনা মিয়া (২২) ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে আহত হন। মোটরসাইকেলের পেছনে থাকা আলম ও কালু মিয়া (১৬) ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই আলম মারা যান। গুরুতর আহত অবস্থায় কালু মিয়াকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সোনা মিয়াও একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আলম সাটুরিয়া উপজেলার তিল্লীর চর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। আহত কালু মিয়া একই এলাকার বিলাল হোসেনের ছেলে এবং আহত সোনা মিয়া আব্দুল হালিমের ছেলে।
খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আইনগত কার্যক্রম সম্পন্ন করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, সুরতহাল রিপোর্ট শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ