রাজধানীতে যুবককে ছুরিকাঘাত, মোবাইল ফোন ছিনতাই
রাজধানীর শাহজাহানপুরে সুজন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে আহত করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
আজ শনিবার (৯ মে) ভোরে উত্তর শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে আহতের ভগ্নিপতি শওকত আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, সুজন একটি হোটেলে চাকরি করতেন। শওকতের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল। এ কারণে ভোরে তিনি সুজনকে বাসায় আসতে বলেন।
শওকত বলেন, সুজন উত্তর শাহজাহানপুর এলাকায় থাকতেন। ভোর সাড়ে ৫টার দিকে তিনি হেঁটে আমার বাসার দিকে আসছিলেন। কাছাকাছি পৌঁছালে দুই ছিনতাইকারী তার পথরোধ করে। তারা জোর করে মোবাইল ফোন ছিনিয়ে নিতে চাইলে সুজন বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা তার দুই হাতে কুপিয়ে মোবাইল নিয়ে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় সুজনকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এ পাঠান চিকিৎসক।
শওকত আরও জানান, চিকিৎসকরা বলেছেন সুজনের হাতের রগ কেটে গেছে।

নিজস্ব প্রতিবেদক