রক্তভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে ছিনতাই, জনতার হাতে আটক যুবক
ফরিদপুর শহরে রক্তভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগে মো. তুফান (৩৫) নামে এক মাদকসেবীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। আজ শনিবার (৯ মে) দুপুরে শহরের আলীপুর ব্রিজ এলাকায় ছিনতাইয়ের সময় হাতেনাতে তাকে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করে।
আটক তুফান শহরের আলীপুর এলাকার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, তুফান দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিতেন। বিশেষ করে নির্জন সড়ক ও সন্ধ্যার পর চলাচলকারী পথচারীদের শরীরে রক্ত ঢুকিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি আতঙ্ক সৃষ্টি করতেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকসেবন ও ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।
এর আগে গতকাল শুক্রবার (৮ মে) রাতে স্থানীয় সাংবাদিক শ্রাবণ হাসানের কাছ থেকেও একইভাবে সিরিঞ্জ ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ ওঠে তুফানের বিরুদ্ধে। ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, আটক তুফানকে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সঞ্জিব দাস, ফরিদপুর